এমপি আনার হত্যা: ঢাকার মামলার তদন্ত তদারকি কর্মকর্তাকে হঠাৎ বদলি

আপডেট : ০২ জুন ২০২৪, ১১:০৪ পিএম

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণের পর হত্যার ঘটনায় ঢাকায় হওয়া মামলার তদন্ত তদারকি কর্মকর্তা এডিসি শাহিদুর রহমানকে হঠাৎ করে বদলি করা হয়েছে। রবিবার (২ জুন) পুলিশ সদরদপ্তরের আদেশে তাকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ডিবির এই কর্মকর্তা ঘটনার তদন্তে যখন নেপাল অবস্থান করছেন, তখনই পুলিশ সদর দপ্তর থেকে তার বদলির প্রজ্ঞাপন হল। একই প্রজ্ঞাপনে আরও ২২ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। কলকাতায় গিয়ে এমপি আনার নিখোঁজের পর থেকেই ডিবি কর্মকর্তা শাহিদুর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন।

ডিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহিদুর রহমানের বিচক্ষণতা ও কর্মদক্ষতায় আনার হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি। তদন্তের কাজে ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে কলকাতাতেও গিয়েছিলেন। সেপটিক ট্যাংক থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারসহ তদন্তে সফলতা নিয়ে ফিরে আসেন তিনি। একদিনের ব্যবধানে এ ঘটনার তদন্তে গতকাল শনিবার (১ জুন) নেপাল গিয়েছেন হারুনের সঙ্গে শাহিদুরও।

এর আগে মতিঝিলে আওয়ামী লীগ নেতা টিপু হত্যার তদন্তেও মুন্সিয়ানা দেখিয়েছিলেন ডিবি কর্মকর্তা শাহিদুর। বিদেশ থেকে আসামি ধরে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি দক্ষতার পরিচয় দেন। অবশ্য আনার হত্যার তদন্ত চলাকালে শাহিদুরের এই বদলিকে ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন। তবে ঠিক কী কারণে তাকে বদলি করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সদর দপ্তর বলছে, এটা নিয়মিত বদলি।

তবে ডিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এই বদলির তালিকা অনেক আগেই হয়েছিল। হয়তো সেই তালিকাটিই রবিবার পুলিশপ্রধান স্বাক্ষর করেছেন। শাহিদুর যে এমপি হত্যার ঘটনার মতো গুরুত্বপূর্ণ ঘটনা তদন্তে রয়েছেন, তা হয়তো চোখ এড়িয়েছে।

সূত্র বলছে, এমপি আনারের একই জেলায় এডিসি শাহিদুরের বাড়ি। তার বদলিতে এটি ইস্যু হয়েছে কি না, তাও আলোচনায় রয়েছে।

রবিবার পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, শাহিদুরসহ ১১ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এ ছাড়া ১২ জন সহকারী পুলিশ সুপারকে একই আদেশে বদলি করেছে পুলিশ সদর দপ্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত