ইউরোর আগে প্রীতি ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। সোমবার রাতে নিউক্যাসলের সেন্ট জেমস পার্কে ইংল্যান্ড ৩-০ গোলে হারিয়েছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনিয়াকে। তিন ম্যাচ পর জয়ে ফিরল ইংলিশরা।
১৯৯৪ সালের পর প্রথমবার আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড বা টটেনহ্যাম হটস্পারের কোনো ফুটবলারকে ছাড়াই একাদশ সাজান ইংল্যান্ড কোচ সাউথগেট। ম্যাচে ইংল্যান্ডের শুরুর একাদশে ছয় জনের অভিজ্ঞতা ছিল ১০ ম্যাচের কম। এই ম্যাচে ছিলেন না এবার চ্যাম্পিয়নস লিগ জয়ী খেলোয়াড় জুড বেলিংহ্যাম। অভিজ্ঞদের অভাবটা টের পেয়েছে ইংলিশরা। প্রথমার্ধে কোন গোল পায়নি দলটি।
৬০ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন পালমার। বক্সে ইংলিশ ডিফেন্ডার এজরি কনসা ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। চেলসির হয়ে ২০২৩-২৪ মৌসুমে দারুণ পারফর্ম করা পালমারের জাতীয় দলের জার্সিতে এটি প্রথম গোল।
এরপরই পালমারসহ তিন জনকে তুলে নেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউদগেট। মাঠে নামান দলের সর্বোচ্চ স্কোরার হ্যারি কেইনকে। ৮৫ মিনিটে বদলি নামা আরেক ফুটবলার জ্যাক গ্রিলিশের ক্রসে ভলিতে গোল করেন অ্যালেকজান্ডার-আর্নল্ড।
৮৯ মিনিটে স্কোর ৩-০ করেন কেইন। জাতীয় দলের হয়ে এটি হ্যারি কেইনের ৬৩তম গোল। তাতে আন্তর্জাতিক গোল সংখ্যায় ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার রোনালদোকে ছাড়ালেন কেইন।
ম্যাচ শেষে পালমার বলেন, 'ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করতে পেরে ভালো লাগছে।'
ইউরো শুরুর আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে আগামী শুক্রবার ওয়েম্বলিতে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।
