ভোট গণনার শুরুতেই এগিয়ে এনডিএ, টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোটও

  • নিজ কেন্দ্র বারানসিতে এগিয়ে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  • গুজরাটের গান্ধীনগর আসনে এগিয়ে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
আপডেট : ০৪ জুন ২০২৪, ১১:৫২ এএম

আজ ঘোষণা করা হবে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনের ফল। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে শুরু হয়েছে ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। ভোটগণনায় প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালট। দেশটির নতুন সরকার গঠন করবে কে তা ভোট গণনা শেষে আজই জানা যাবে।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্য মতে, ভোট গণনা শুরুর এক ঘণ্টার মধ্যেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৮৬ আসনে এগিয়ে আছে। আর ইন্ডিয়া জোট ২৩২ আসনে এগিয়ে আছে। অন্য দলগুলো ২৫ আসনে এগিয়ে।

টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, নিজ কেন্দ্র বারানসিতে এগিয়ে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া গুজরাটের গান্ধীনগর আসনে এগিয়ে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অন্যদিকে ত্রিমুখী লড়াই হচ্ছে কেরালার ওয়েনাড আসনে। এই আসনে কংগ্রেস এমপি রাহুল গান্ধী, বিজেপির কে সুরেন্দ্রন এবং ভারতের কমিউনিস্ট পার্টির অ্যানি রাজার মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা চলছে। তবে ভোট গণনার শুরুতে আসনটিতে এগিয়ে রয়েছেন কংগ্রেস এমপি রাহুল৷ এছাড়া অমেঠী কেন্দ্রে প্রাথমিক প্রবণতায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি।

অন্যদিকে পশ্চিমবঙ্গে গণনার আধ ঘণ্টার চিত্রে দেখা গেছে, হুগলি লোকসভা আসনে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে পেছনে ফেলে দিলেন তৃণমূল কংগ্রেসের রচনা বন্দ্যোপাধ্যায়। দেশটির রাজনীতির আঙিনায় একেবারেই নতুন রচনা। হামিরপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর। কনৌজ কেন্দ্রে এগিয়ে অখিলেশ যাদব।

বিশ্বের সব চেয়ে বড় নির্বাচন বলে পরিচিত এই প্রক্রিয়ায় প্রায় ১০০ কোটি মানুষ ভোটার ছিলেন, যার মধ্যে ৬৪ কোটি ২০ লাখ মানুষ ভোট দিয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে।

এছাড়া এ নির্বাচনে খরচ হয়েছে ১ লাখ ৩৫ হাজার কোটি রুপী। ‘সেন্টার ফর মিডিয়া স্টাডিজের’ তথ্য বলছে, ১ লাখ ৩৫ হাজার কোটি রুপী খরচ করে ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচন বিশ্বের সব থেকে ব্যয়বহুল নির্বাচন হয়ে উঠেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত