রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জয়পুরহাটে ১১৫ মিলিমিটার। এ ছাড়া দিনাজপুরে ১১৩, ব্রাহ্মণবাড়িয়ায় ৬১, সিলেটে ৫২, সুনামগঞ্জে ৪২, সৈয়দপুর ও ঠাকুরগাঁওয়ে ৩৫, হবিগঞ্জে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া নাটোরে ৩৭.১, চুয়াডাঙ্গায় ৩৬.৫, রাজশাহী, যশোর ও মেহেরপুরে ৩৬.৪, রাজবাড়িতে ৩৬.৩, ফরিদপুর ও মাগুড়ায় ৩৬.২, ঢাকা, মানিকগঞ্জ, বগুড়া, তাড়াশ, ঝিনাইদহ, কুমারখালী ও টাঙ্গাইলে ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
