প্রভোস্ট হল থেকে বেরিয়ে যেতে বলায় ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৫:৪৬ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. চন্দ্রানী নাগের অসদাচরণের অভিযোগ উঠেছে। প্রভোস্টের অসদাচরণ সইতে না পেরে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকেন।

গতকাল সোমবার (৩ জুন) রাত ৮টার দিকে হলে নিজ কক্ষে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ছাত্রী।

প্রত্যক্ষদর্শী এক ছাত্রী বলেন, সে আত্মহত্যা করেছে এমন খবর শুনে দ্রুত তার রুমে গেলে দরজা বন্ধ পাই। অনেক ডাকাডাকির পরও দরজা খুলেনি সে। পরে হলের গার্ডদের সহায়তায় দরজা ভেঙে তাকে রুম থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়। হল প্রভোস্ট ম্যামের সাথে রুম ছাড়া নিয়ে ঝামেলা হওয়ায় সে ৭টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে।

ওই ছাত্রীর সহপাঠী ও রুমমেট বলেন, রবিবার (২ জুন) সে আমাকে জানায় হল প্রভোস্ট আমাদেরকে রুম ছাড়তে বলছেন। আমাদের রুম নাকি গণরুম বানাবেন। আজও নাকি হল সুপারের মাধ্যমে রুম ছাড়তে বলা হয়। পরবর্তীতে হল প্রভোস্ট ম্যামের সাথে ওর কি একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে শুনেছি। প্রভোস্ট ম্যাম আমাদের বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র উপদেষ্টার কাছে তার নামে নালিশ দিয়েছেন। এখন শুনি সে নাকি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। এখন সে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি আছে বলে জেনেছি।

ওই ছাত্রীর বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মিজানুর রহমান বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. চন্দ্রানী নাগ আমাকে কল দিয়ে তার বিষয়ে কথা বলেন। সে নাকি প্রশাসনের সাথে উচ্চস্বরে কথা বলেছে। কি বিষয়ে উচ্চস্বরে কথা বলেছে তা জানি না।

তিনি আরও বলেন, মেয়েটি হাসপাতালে ভর্তি আছে। আমি এখন মেয়েটিকে দেখতে হাসপাতালে এসেছি।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. তাহমিনা ইসলাম বলেন, তার বন্ধুরা আমাকে জানিয়েছে সে নাকি আত্মহত্যার চেষ্টা করছে। খবর পেয়ে আমি সাথে সাথে বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট ও প্রক্টরকে বিষয়টি জানিয়েছি। পরবর্তীতে রুমের দরজা ভেঙে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমাকে জানানো হয়েছে।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে হল প্রভোস্ট অধ্যাপক ড. চন্দ্রানী নাগ ও প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরীকে একাধিকবার ফোন দিলেও তারা কল রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত