যশোরের শার্শায় পণ্যবোঝাই একটি ট্রাকচাপায় দুই মুসল্লি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৪ জুন) ভোরে তারা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় যশোর-বেনাপোল সড়কের নাভারণ ফরেস্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নাভারণ হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত কুমার বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন শার্শা থানার গাতিপাড়া গ্রামের সুলতান আহমদের ছেলে নাভারণ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন (৬২) ও ঝিকরগাছা থানার নাভারণ কলোনির শ্যাম গাজির ছেলে আলী বক্স (৬৫)। আলী বক্স জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে নৈশপ্রহরীর কাজ করতেন। তারা উভয়ই বর্তমান ফরেস্ট পাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাভারণ হাইওয়ে থানার এসআই জয়ন্ত কুমার বসু বলেন, নাসির উদ্দিন ও আলি বক্স ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে বেনাপোলগামী পণ্যবোঝায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। চাপা দেওয়ার পর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বাড়ির পেছনে গাছে ঝুলছিল গৃহবধূর লাশ
ইউসুফ পাঠানের জয়জয়কার 