বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমালের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন। ফলে গত এক সপ্তাহ থেকে ঘরে ঘরে জ¦লছে কুপি। এর মধ্যে একটি বসতঘরে কুপি থেকে আগুন লেগে পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়েছে। গত সামবার রাত সাড়ে ৮টার দিকে জয়ালভাঙা এলাকায় কালাম গাজীর বসতঘরে এ ঘটনা ঘটে।
ওই শিশুটির নাম জুনায়েদ। সে নিশানবাড়িয়া ইউনিয়নের কালাম গাজীর ছেলে। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাইরে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া এলাকার জয়ালভাঙা এলাকা ঘূর্ণিঝড় রিমালের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এক সপ্তাহ। সোমবার সন্ধ্যায় কুপি জ্বালায় পরিবারের সদস্যরা। এরপর রাত সাড়ে ৮টার দিকে বসতঘরে আগুন লাগে। এতে ঘরের মধ্যে আটকে পড়ে শিশু জুনায়েদ। মুহূর্তেই বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। প্রাণ হারায় পাঁচ বছরের শিশুটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘর থেকে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে জুনায়েদের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন তার বড় ভাই জুবায়ের (১৮)। পরে তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ারা তুম্পা বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।’
