দেশে ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ রোগ নির্মূলে বিশদ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাসাকাওয়া ইয়োহেইকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাসাকাওয়া ইয়োহেইর সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কুষ্ঠ রোগ নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার পূরণে স্বাস্থ্য বিভাগ অঙ্গীকারাবদ্ধ। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছে।
সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানকে তিনি জানান, কুষ্ঠ রোগ নির্মূলে বাংলাদেশ সরকার বড় রকমের সফলতা অর্জন করেছে। ১৯৯১ সালে প্রতি ১০ হাজার জনসংখ্যার মধ্যে কুষ্ঠ বিস্তারের হার ছিল ১৩ দশমিক ৬ শতাংশ। সরকারের ঐকান্তিক চেষ্টায় এখন কমে শূন্য দশমিক ১৮ শতাংশে দাঁড়িয়েছে।
