ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদের গোডাউন ও বাড়ি থেকে কৃষি প্রণোদনার ১৯ বস্তা সার ও বীজ জব্দের ঘটনায় চেয়ারম্যান মেম্বারসহ তিনজনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান বিন ইসলাম বাদী হয়ে কাঁঠালিয়া থানায় এ মামলাটি দায়ের করেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ থেকে ১০ কেজি করে ৬ বস্তা আউশ বীজ ও ৫০ কেজি করে ৭ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন। তার সূত্র ধরে অপর একটি বাড়ি থেকে আরও ৬ বস্তা ব্রি-ধান জব্দ হয়। এ ঘটনায় আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠু সিকদার, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল সিকদার ও স্থানীয় দোকানদার দীপক কুমার হালদারকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে স্থানীয় ইউপি মেম্বার মো. হেলাল উদ্দিন অটোরিকশায় পরিষদের গোডাউন থেকে সার ও বীজ গোপনে স্থানান্তর করার সময় স্থানীয় লোকজন তা দেখে ফেলে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন অভিযান চালান।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান বিন ইসলাম জানান, মৌসুমে উফসি, আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। এ বছরের এপ্রিল মাসে এ সার ও ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করা হয়। আওরাবুনিয়া ইউনিয়নে ইউনিয়নে বরাদ্দ ৬২৫ জন কৃষকের তালিকা অনুযায়ী ১০ জনের গ্রুপ অনুযায়ী কৃষি অফিস থেকে সার ও বীজ বুঝে নিলেও দুই মাসেও সেই সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণ না করে তারা পরিষদের গুদামে এবং স্থানীয় সাতানি বাজারের দীপক হাওলাদারের বাড়িতে মজুদ রাখেন।
কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন বলেন, সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণ করার কথা থাকলেও তা বিতরণ না করে মজুদ করার অপরাধে স্থানীয় চেয়ারম্যান একজন সদস্য ও দোকানদারের নামে উপজেলা কৃষিবিভাগ মামলা দায়ের করেছে। ঘটনায় কে বা কারা জড়িত তদন্তে বেরিয়ে আসবে।
জীবন্ত ঘোড়া দেখিয়ে ভোট প্রার্থনা
আইসিসি শ্রীলঙ্কার সঙ্গে 'সৎমায়ের মতো আচরণ' করছে
হত্যা মামলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জেলে