নির্বাচনের আগে মেক্সিকো সীমান্ত নিয়ে কঠোর অবস্থান নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শরণার্থীদের ভিড় এবং রাজনৈতিক চাপ বেড়ে যাওয়ায় দেশের দক্ষিণ সীমান্ত সাময়িক বন্ধ রাখার নির্বাহী আদেশ দিয়েছেন বাইডেন। সীমান্ত বন্ধের নতুন এ আদেশ গত মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, আদেশ অনুযায়ী, মেক্সিকো সীমান্তে দৈনিক আশ্রয় আবেদন আড়াই হাজার ছাড়িয়ে গেলে অবিলম্বে সীমান্ত বন্ধ হয়ে যাবে। অর্থাৎ মেক্সিকো সীমান্তে দৈনিক ২ হাজার ৫০০ হাজারের বেশি অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার হলে সীমান্ত অভিবাসন প্রত্যাশীদের জন্য বন্ধ করে দেওয়া হবে। তবে বর্তমানে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যাটি আদেশের উল্লেখ করা সংখ্যার তুলনায় অনেক বেশি, ফলে আদেশ সই হওয়ার পরেই সীমান্ত সিল করে দেওয়া হয়। অর্থাৎ অভিবাসন প্রত্যাশীরা মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবেন না।
আদেশে বলা হয়েছে, কেউ অনুপ্রবেশ করলে সঙ্গে সঙ্গে তাকে মেক্সিকোয় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমেরিকায় তাকে আশ্রয়ের কোনোরকম সুযোগ দেওয়া হবে না।
