মঠবাড়িয়া

পাওনা চাওয়ায় হামলা, ৫ দিন পর হাসপাতালে দোকানির মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৩:৪৭ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় বখাটেদের হামলায় আহত ব্যবসায়ী ফারুক ভূঁইয়া (৬০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (০৬ জুন) সকালে মারা গেছেন। নিহত ফারুক উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের মৃত নূরু ভূঁইয়ার ছেলে। তিনি ৫ দিন শেবাচিম হাসপাতালে ভর্তি ছিলেন।

জানা গেছে, চড়কগাছিয়া এলাকার এমাদুল হাওলাদারের ছেলে শাওন, বাদল মিয়ার ছেলে শাহিন ওরফে শাকিল ও মৃত জাফর মোল্লার  ছেলে সুমন মোল্লা গত ৩১ মে রাত ১১ টার দিকে ফারুকের দোকানে গিয়ে বাকিতে সিগারেট চান। এ সময় তাদের কাছে আগের পাওনা  ১৪০০ টাকা চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ফারুকের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক সেবা দিয়ে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। এ ঘটনায় তার স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে ৪ জুন মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।

নিহতের স্ত্রী রিজিয়া ও স্বজনরা দাবি করেন, চলমান উপজেলা পরিষদ নির্বাচনে তার স্বামী ফারুক রিয়াজ উদ্দিন আহম্মেদের সমর্থক ছিলেন। হামলাকারীরা প্রতিপক্ষ প্রার্থী বায়জিদ আহম্মেদের সমর্থক। বাকিতে সিগারেট না দেয়া ও নির্বাচনী বিরোধের জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালায় তারা।

মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ী ফারুকের ওপর হামলার ঘটনায় তার স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলাই এখন হত্যা মামলায় রূপান্তিত হবে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত