অবিশ্বাস্য, অভাবনীয়, অকল্পনীয়। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে ধসিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের পুঁচকে এক দেশ যুক্তরাষ্ট্র। সুপার ওভারে তারা হারিয়ে দিয়েছে বাবর আজমদের। টান টান উত্তেজনার লড়াই শেষে খেলা হয়েছিল ড্র। গড়িয়েছিল সুপার ওভারে। সেখানেই সুপার এক জয় তুলে নিল মোনাঙ্ক প্যাটেলরা।
আগে ব্যাট করে ১৫৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান। সেই রান তাড়ায় নেমে মোনাঙ্ক প্যাটেলের ফিফটির সাহায্যে টাই করে বসে যুক্তরাষ্ট্র।
সুপার ওভারে মোহাম্মদ আমিরকে তুলোধুনো করা হয়। আমিরের করা ওভারে ৭ রান আসে অতিরিক্ত থেকে। বাকি ১১ রান তোলেন জোনস-হারমিত জুটি।
১৯ রানের ওই লক্ষ্য টপকাতে কিংবা ছুঁতে পারেননি ইফতিখার, ফখর ও শাদাব। ১৩ রান তুলেই মেনে নিতে হয় পরাজয়। ২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলা সৌরভ নেত্রভালকার হেরেছিলেন পাকিস্তানের কাছে। সুপার ওভারে দুর্দান্ত বোলিংয়ে যুক্তরাষ্ট্রের সৌরভ বদলা নিলেন সেই হারের।
এবারের বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দিলো যুক্তরাষ্ট্র। এতে বিশ্বকাপ থেকে ছিঁটকে যাওয়ার মুখে পড়তে হচ্ছে পাকিস্তানকে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৫৯/৭ (রিজওয়ান ৯, বাবর ৪৪, উসমান ৩, ফাখার ১১, শাদাব ৪০, আজম ০, ইফতিখার ১৮, আফ্রিদি ২৩*, রউফ ৩*; কেজিগে ৪-০-৩০-৩, নেত্রভালকার ৪-০-১৮-২, আলি খান ৪-০-৩০-১, হারমিত ৪-০-৩৪-০, জাসদিপ ৩-০-৩৭-১, অ্যান্ডারসন ১-০-৬-০)
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৫৯/৩ (টেইলর ১২, মোনাঙ্ক ৫০, গোউস ৩৫, জোন্স ৩৬*, নিতিশ ১৪*; আফ্রিদি ৪-০-৩৩-০, আমির ৪-০-২৫-১, নাসিম ৪-০-২৬-১, রউফ ৪-০-৩৭-১, শাদাব ৩-০-২৭-০, ইফতিখার ১-০-১০-০)
ফল: ম্যাচ টাই ও সুপার ওভারে জয়ী যুক্তরাষ্ট্র
ম্যান অব দা ম্যাচ: মোনাঙ্ক প্যাটেল
