কোটা পুনর্বহালের প্রতিবাদে মাঠে শিক্ষার্থীরা

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৭:২৪ এএম

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে হাইকোর্টের দেওয়া আদেশের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার সরব হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। হাইকোর্টের ওই আদেশের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন জাবির শিক্ষার্থীরা। অন্যদিকে গতকাল একই ইস্যুতে মানববন্ধন কর্মসূচি পালন করেন রাবির শিক্ষার্থীরা।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জাবির কেন্দ্রীয়  গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহীদ মিনার ঘুরে মূল সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরি গেট) গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে অন্তত পাঁচ মিনিট প্রতীকী অবরোধ করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় তাদের ‘একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’ ইত্যাদি সেøাগান দিতে দেখা যায়।

অন্যদিকে রাবির শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা মেধার ভিত্তিতে চাকরি না দিয়ে এই ‘বৈষম্য’ রাখলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এহসানুল মারুফের সঞ্চালনায় মানববন্ধনে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘বৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘মেধাভিত্তিক নিয়োগ চাই, প্রতিবন্ধী ছাড়া কোটা নাই’, ‘সকল কোটা বাতিল হোক, মেধাবীদের চাকরি হোক’, ‘শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ প্রভৃতি সেøাগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এদিকে কোটা পুনর্বহালের আদেশের নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাবির স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। গতকাল দুপুরে যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান সংগঠনটির সভাপতি মেহেদী সজীব ও সাধারণ সম্পাদক এফআরএম ফাহিম রেজা। পাশাপাশি হাইকোর্টে রায় বাতিলের দাবিও জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত