ঢাকার দোহার উপজেলার দোহার ঘাটা এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ সোনিয়া আক্তার (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে র্যাব-১০ অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করে। এ সময় মাদক ব্যবসায় ব্যবহারকৃত ১টি মাইক্রোবাস জব্দ করে র্যাব। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল প্রায় ১৫ লাখ টাকা।
র্যাব -১০ জানায়, মাদকের একটি বড় চালানসহ একজন নারী মাদক ব্যবসায়ী দোহার ঘাটা এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনিয়া আক্তারকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে র্যাবের নারী সদস্যরা। পরে র্যাব সোনিয়াকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তিনি জানায়, তার নিজের ভাড়া করা বাসার সামনে থাকা মাইক্রোবাসে আরো গাঁজা রয়েছে। এরপর সোনিয়ার দেওয়া তথ্য অনুসারে র্যাব মাইক্রোবাসের সিটের পাটাতনের নিচ থেকে আরও ৪২ কেজি গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তার করে সোনিয়া আক্তারকে থানায় হস্তান্তর করেছে র্যাব-১০। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার সকালে ৭দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
