মোদির বিরুদ্ধে নতুন অভিযোগ রাহুলের

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৬:২৪ পিএম

ভারতের সাম্প্রতিক শেয়ার বাজারে বড় ধসের ঘটনায় বিজেপির নেতাদের অভিযুক্ত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা নির্বাচনের প্রচারের সময় শেয়ারবাজারে বিনিয়োগের পরামর্শ দিয়েছিলেন। ফলে খুচরা বিনিয়োগকারীদের কোটি কোটি লোকসান হয়েছে। লোকসভা নির্বাচন ফল প্রকাশের দুদিন পর বৃহস্পতিবার (৬ জুন) এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রাহুল গান্ধী।

রাহুল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেয়ার ব্যবসায়ীদের শেয়ার ক্রয়ে উদ্বুদ্ধ করেন। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার পরই শেয়ার মার্কেটে ধস নামে। যৌথ সংসদীয় কমিটিকে এ ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছেন রাহুল। শেয়ার বাজার ধসের সঙ্গে মোদি ও তার সিনিয়র মন্ত্রীরা জড়িত বলে মন্তব্য করেছেন কংগ্রেসের এই নেতা। 

রাহুল বলেন, নির্বাচনের চূড়ান্ত ফলাফলের আগেই নরেন্দ্র মোদি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সাবেক অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শেয়ার ব্যবসায়ীদের ৪ জুন শেয়ার ক্রয়ের আহ্বান জানান। কারণ তারা প্রত্যাশা করছিলেন বিজেপি জিতবে। 

রাহুল দাবি করে বলেন, এটা যে একটা আর্থিক কেলেঙ্কারি এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ৫ কোটি ভারতীয় খুচরা বিনিয়োগকারীর ক্ষতি করে, হাজার হাজার কোটি টাকা লাভ করেছেন কেউ। আর তাদের স্টক কেনার জন্য ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এটা ফৌজদারি অপরাধ। তাই আজ আমরা দাবি জানাচ্ছি, যৌথ সংসদীয় কমিটি এই ঘটনার তদন্ত করুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত