নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ জমির সীমানা পরিমাপের সময় দুই পক্ষের সংঘর্ষে সুফলা রানী বালা (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি সদর ইউনিয়নের মুশা বালাপাড়া গ্রামের বাসিন্দা।
গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। সুফলা রানী বালাকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত রজনীকান্ত বর্মণের স্ত্রী।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রাতেই তিনজনকে আটক করেছে। আটকরা হলেন শ্রী কেদারের ছেলে উজ্জ্বল রায়, মৃত ললিতের স্ত্রী নির্মলা রায় ও সুরজিৎ ওরফে কাল্টুর স্ত্রী অনিতা রায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গ্রামের মৃত সুধীর চন্দ্র রায়ের ছেলে হরিশচন্দ্রের সঙ্গে বড়ভিটার বড়ডুমুরিয়া কামারপাড়া গ্রামের শ্রীনাথের ছেলে সুরজিতের সঙ্গে এক একর জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সেই জমি পরিমাপের সময় সুরজিৎ ও তার লোকজন হরিশচন্দ্রের লোকদের ওপর হামলা করে। এ সময় ওই বৃদ্ধা (হরিশচন্দ্রের কাকিমা) ও তার ছোট ছেলে প্রাণকৃষ্ণ রায়সহ ৫ জন গুরুতর আহত হন। অন্যান্য আহতরা ওই হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।
কিশোরীগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল এ ঘটনায় তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন এ ঘটনায় নিহত বৃদ্ধার বড় ছেলে সুভাষচন্দ্র রায় বাদী ১৬ জনের নামোল্লোখ করে ও অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেছে।
