মাগুরায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫, অর্ধশত বাড়ি ভাঙচুর

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৮:৪৪ পিএম

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের ছোনগাছা গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এছাড়াও প্রতিপক্ষের হামলায় অর্ধশত বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অপরদিকে পিস্তলসহ একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। আজ শুক্রবার (০৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে শ্রীকোলের বর্তমান চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিরের সমর্থকদের সাথে ৭নং ওয়ার্ড মেম্বার চাঁদ আলীর সমর্থকদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।

শুক্রবার ছোনগাছা গ্রামের রাজা শেখের ছেলে সুমন শেখ (২৫) ও ইউসুফ শেখের ছেলে এনামুল শেখ (২২) তাদের বন্ধু চঞ্চলের মায়ের জানাজায় অংশ নিতে দোশতিনা গ্রামে যাচ্ছিলেন। পথে ছোনগাছার তহিরুনের দোকানের সামনে পৌঁছালে কুটি মিয়ার সমর্থকরা তাদের পথ আটকায়।

এ সময় প্রতিপক্ষের হাত থেকে রক্ষা পেতে সুমন শেখ সাথে থাকা পিস্তল বের করলে কুটি মিয়ার সমর্থকরা তাকে ধরে ফেলে। একপর্যায়ে সুমন শেখের সাথে থাকা এনামুল শেখ দৌঁড়ে পালিয়ে যায়। খবর পেয়ে কুটির মিয়ার ছোটভাই শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মো. শরীয়তউল্লাহ হোসেন মিয়া রাজন তার সহযোগীদের নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়। পথে ছোনগাছার মহিদুলের দোকানের কাছে পৌঁছালে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য চাঁদ আলী মেম্বারের সমর্থকেরা তাদের গাড়িবহরে হামলা করে। 

হামলায় রাজনের সাথে থাকা খামারপাড়া গ্রামের রবির ছেলে সাগর (৩৩) ও মোহাম্মদ আলীর ছেলে মিল্টনকে (৩৩) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। তাদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে কুটির মিয়ার সমর্থকরা চাঁদ আলী মেম্বারের সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ তাসনীম আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৮ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অস্ত্রসহ আটক সুমনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত