আইসিটি খাতের বাজেট প্রতিক্রিয়া

ডোমেইন হোস্টিং পরিচালনার খরচ বাড়বে, কর অব্যাহতি চান ব্যবসায়ীরা

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৯:২৭ পিএম

ডোমেইন হোস্টিং সেবা পরিচালনায় কর অব্যাহতি চেয়েছেন ব্যবসায়ীরা। ২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেটে ডোমেইন ও ক্লাউড হোস্টিংকে তথ্যপ্রযুক্তি সেবা (আইটিইএস) খাতের অব্যাহতিপ্রাপ্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে ডোমেইন হোস্টিং পরিচালনার খরচ বাড়তে পারে। বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীতে আয়োজিত এক বৈঠকে সরকারের প্রতি এ দাবি জানান তারা।

বৈঠকে এক্সন হোস্ট, সলিউশন নাইন, ড্রিম লাইন আইটি সলিউশন, কনটেন্ট ম্যাটার্স লিমিটেড, ইওয়াই হোস্ট, ইলেকট্রা আইটি, বিডি সফট, পার্পল আইটিসহ ডোমেইন হোস্টিং সেবা দেওয়া কিছু প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

অভো টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ বলেন, আইটি ও আইটিইএস খাতের কর অব্যাহতির আওতায় অন্তর্ভুক্ত ছিল ডোমেইন ও ক্লাউড হোস্টিং সেবা। কিন্তু নতুন করে তিন বছরের যে কর অব্যাহতি দেওয়া হয়েছে, সেখানে এই খাত  অন্তর্ভুক্ত নয়।

দেশের ওয়েবসাইট হোস্টিং ও ক্লাউড হোস্টিং বাজারের ৯০ শতাংশই বিদেশি প্রতিষ্ঠানের দখলে উল্লেখ করে তিনি বলেন, কর অব্যাহতি না পেলে দেশি প্রতিষ্ঠানগুলোর পক্ষে টিকে থাকা কঠিন হবে।

বৈঠকে অন্য বক্তারা বলেন, দেশের ডোমেইন ও ক্লাউড হোস্টিং খাতের আকার খুব বড় নয়। এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে বেশিরভাগ সফটওয়্যারই অনলাইননির্ভর, যেগুলো ক্লাউড বা হোস্টিং সার্ভারের মাধ্যমে ব্যবহার করা যায়। এই মুহূর্তে  ক্লাউড হোস্টিং বা ডোমেইন হোস্টিংকে করের আওতায় আনলে এ খাতের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত