শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকান্ড হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে আশুলিয়ার নতুন নগর এলাকার আবদুল হাই দেওয়ানের মালিকানাধীন কলোনিতে আগুন লাগে। এতে ১৭টি ঘর এবং ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। পরে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে ওই শ্রমিক কলোনির সবাই কারখানায় চলে যায়। সকাল ১০টার দিকে ওই কলোনির একটি কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন কলোনির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না।
