যশোরের মনিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১০ জুন) সকালে বাঁধাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আব্দুর রহমান (৮৫) ও ঠান্ডুমিয়া (৪৮) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত ট্রাক চালক নূরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর সাতক্ষীরা মহাসড়কের পাশে বাঁধাঘাটা অটোরাইস মিলের গোডাউনের সামনে সকাল ৭টার দিকে বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমান (৮৫) বসে ছিলেন। সে সময় শ্যামনগরগামী একটি পানির ট্যাংকবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গোডাউনের শাটার ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে চালকসহ তিনজন আহত হয়।
খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, আব্দুর রহমান ঘটনাস্থলেই মারা যান এবং থানায় বিষয়টি জানানোর পূর্বেই দুর্ঘটনায় নিহত আব্দুর রহমানের স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। ট্রাকের মালিক ঠান্ডুমিয়াকে হাসপাতালে আনার আগে নিহত হন। তার মরদেহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মনিরামপুর থানার এসআই লিটন হোসেন জানান, নিহত ঠান্ডু মিয়ার মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। এবং ঘাটক ট্রাকটি জব্দ করা হয়েছে।
