এমন হারের পর আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন হৃদয়

আপডেট : ১১ জুন ২০২৪, ০৯:১৩ এএম

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচটি হেরে যায় চার রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়ার পর আম্পায়ারদেরকে কাঠগড়ায় তুললেন বাংলাদেশ ব্যাটসম্যান তাওহীদ হৃদয়।

১৭তম ওভারে বার্টম্যানের বল মাহমুদউল্লাহর পায়ের লেগে চলে যায় বাউন্ডারির ওপারে। তবে আম্পায়ার সেটি এলবিডব্লিউর পক্ষে সিদ্ধান্ত দেন। রিভিউতে সিদ্ধান্ত বদল হলেও ডেডবল হয়ে যাওয়ায় যোগ হয়নি ওই চার রান। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সম্ভাব্য ওই চার নিয়ে প্রশ্ন করা হলে সরাসরিই আম্পায়ারের দিকে আঙুল তুললেন হৃদয়।

'সত্যি বলতে, সেটি ভালো সিদ্ধান্ত ছিল না। আঁটসাট ম্যাচে আমাদের জন্য ভালো কিছু ছিল না সেটি। আমার মতে… আম্পায়ার আউট দিয়েছেন, তবে আমাদের জন্য কঠিন ছিল। ওই চারটি রান পেলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। আর কিছু বলার নেই…।'

নিয়ম নিয়ে বেশি কিছু না বললেও হৃদয়ের মনে ছিল বেশ আক্ষেপ, 'আম্পায়ার কল দিয়েছেন, দিতেই পারে। ওরাও মানুষ, ভুল হতেই পারে। কিন্তু আরও দু-একটি ওয়াইড ছিল, যেগুলো ওয়াইড দেয়নি। এখানে এরকম ভেন্যুতে খেলা, যেখানে রান হচ্ছে না, লো-স্কোরিং ম্যাচ হচ্ছে, সেই জায়গায় একটি-দুটি রানও অনেক বড় ব্যাপার। ওই চারটি রান বা দুটি ওয়াইড, খুব ক্লোজ কল ছিল। এমনকি আমার আউটও আম্পায়ার্স কল ছিল। আমার কাছে মনে হয়, এই জায়গাগুলোয় উন্নতির সুযোগ আছে। আইসিসি যে নিয়ম করেছে, এটায় তো আমাদের হাত নেই। আমার মনে হয়… যেটা হয়েছে, হয়ে গেছে।' 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত