কুমিল্লার নাঙ্গলকোটে একটি খামারের প্রহরী ও দুই শ্রমিককে পিস্তল ঠেকিয়ে আটটি গরু ও দুটি মহিষ লুট করে নিয়ে গেছে ডাকাতরা। গত সোমবার গভীর রাতে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের পুজকরা গ্রামের মায়ের দোয়া ইটভাটার ভেতরে গরুর খামারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন খামারের মালিক।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে যান খামারের দায়িত্বে থাকা ফরিদুল ইসলাম ও রুহুল আমিন। রাত ২টার দিকে মুখোশ পরা ১০-১৫ জন ডাকাত পিস্তল, ছুরি ও হকিস্টিক নিয়ে ইটভাটায় ঢুকে প্রহরী নুরে আলমকে বেঁধে ফেলে। পরে ডাকাতরা খামারের দায়িত্বে থাকা ওই দুই শ্রমিককে ঘুম থেকে তুলে পিস্তল ঠেকিয়ে তাদের হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে দেয় এবং খামার থেকে ১০টি গরু পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। ভোররাতে স্থানীয় এক ব্যক্তি খামারের পাশ দিয়ে যাওয়ার সময় শ্রমিকদের এ অবস্থা দেখে খামার মালিক আনোয়ার হোসাইনকে ফোনে জানান। তিনি দ্রুত খামারে এসে শ্রমিকদের উদ্ধার করেন।
খামার মালিক আনোয়ার হোসাইন জানান, দীর্ঘদিন ধরে খামার করে গরুর ব্যবসা করে আসছেন তিনি। সোমবার গভীর রাতে ১০-১৫ জন ডাকাত শ্রমিকদের পিস্তল ঠেকিয়ে তার খামার থেকে বিদেশি জাতের ৭টি গাভী, দুটি মহিষ ও একটি ষাঁড় নিয়ে যায়। আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইটভাটার মালিক আবু ইউছুফ কোম্পানি বলেন, দীর্ঘদিন ধরে ইটভাটার ভেতরে খামার করে গরুর ব্যবসা করে আসছেন তার ভাই আনোয়ার। সোমবার রাতে অস্ত্রের মুখে জিম্মি করে ১০টি গরু লুট করে নিয়ে গেছে ডাকাতরা। তিনি বলেন, আসন্ন ঈদুল আজহা ঘিরে নাঙ্গলকোটে গরু চুরি বেড়ে গেছে।
নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘খামারটি সড়কের পাশে হওয়ায় গরু লুট করে দুর্বৃত্তরা সহজে পালিয়ে গেছে। গরুগুলো উদ্ধারের চেষ্টা করছি।’
