ঢাকা-চট্টগ্রামের ১০ পশুর হাটে ক্যাশলেস লেনদেন

আপডেট : ১৩ জুন ২০২৪, ০২:০৯ এএম

দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের অর্থ ছিনতাই হওয়ার ঘটনা হরহামেশাই ঘটে। এ ঘটনা থেকে বাঁচতে ক্রেতা ও বিক্রেতাদের ব্যাংক লেনদেনে উৎসাহিত করছে সরকার। তারই অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রামের পাশাপাশি নাটোরের সিংড়া পৌরসভার পশুর হাটে ক্যাশলেস বা নগদহীন লেনদেনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দেশের সব জেলার পশুর হাটের পাশের ব্যাংক শাখাগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণত সরাসরি হাট থেকে কোরবানির পশু নগদ টাকায় কিনতে হয়। এ বছর ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন ও নাটোরের সিংড়া পৌরসভাসহ মোট ১০টি হাটে ক্যাশলেস লেনদেনের কার্যক্রম চলবে। এসব হাটে নগদ টাকার পরিবর্তে কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করে পশু কেনা যাবে। 

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, স্মার্ট হচ্ছে বাংলাদেশ’ সেøাগানে কোরবানির পশুর এই ১০ হাটে একটি করে ডিজিটাল বুথ থাকবে। সেখানে এটিএম মেশিন থেকে টাকা ওঠানো যাবে। থাকবে বাংলা কিউআর কোড, পয়েন্ট অব সেলস (পিওএস) যন্ত্র ও মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের (এমএফএস) মাধ্যমে ক্রেতারা পশু বিক্রির টাকা পরিশোধ করতে পারবেন। এতে বাসা থেকে টাকা বহন করার ঝামেলা থেকে রেহাই পাবেন ক্রেতারা।

এসব হাটে সম্ভাব্য যেসব জেলা থেকে খামারি ও ব্যবসায়ীরা আসতে পারেন, তাদের ব্যাংক হিসাব খুলে দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া কোনো ব্যবসায়ী হাটে আসার পর প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নিজের নামে ব্যাংক হিসাব খুলতে পারবেন। তাতে বাড়তি টাকা বহন করার ঝামেলা থাকবে না। বিক্রেতারা তাদের ব্যাংক হিসাব ও এমএফএসের মাধ্যমে পশু বিক্রির টাকা নিতে পারবেন। গরু বিক্রির টাকা ডেবিট ও ক্রেডিট কার্ডে নিলে উত্তোলনের জন্য ন্যূনতম মাশুল গুনতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য বলছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভাটারা সুতিভোলা পশুর হাট ও উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে ক্যাশলেস লেনদেন পরিচালনার দায়িত্বে থাকবে যথাক্রমে ব্যাংক এশিয়া ও ব্র্যাক ব্যাংক। মোহাম্মদপুর বসিলা ও গাবতলী পশুর হাটে এই দায়িত্বে থাকবে যথাক্রমে সিটি ব্যাংক ও ইসলামী ব্যাংক। পাশাপাশি নগদ ও বিকাশ এসব হাটে তাদের বুথ বসাবে। আর মিরপুর ইস্টার্ন হাউজিংয়ে এবি ব্যাংক ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের পশুর হাটে ক্যাশলেস লেনদেনের দায়িত্বে থাকবে আইএফআইসি ব্যাংক ও পিওএস সরবরাহ করবে পূবালী ব্যাংক। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাজারীবাগ বাজারের দায়িত্বে থাকবে পূবালী ব্যাংক ও বিকাশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত