নারী ইউপি সদস্যের ছেলের মৃত্যু খাবারে বিষ মেশানোর অভিযোগ

আপডেট : ১৩ জুন ২০২৪, ০২:২৭ এএম

গাজীপুরের কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নারী সদস্যের ছেলে চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। তিনি হলেন জাঙ্গালীয়া ইউপির সদস্য লাভলী বেগমের ছেলে মো. জাইদুল পালোয়ান (২২)। গতকাল বুধবার সকালে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

গত শুক্রবার দুপুরের খাবার খাওয়ার পর জাইদুল, তার মা লাভলী, বাবা কবির পালোয়ান ও বোন মিনা আক্তার অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন স্বজনরা। তাদের ভাষ্য, পারিবারিক কলহের জেরে জাইদুলের স্ত্রী মুন্নী আক্তার তাদের খাবারে বিষ মিশিয়ে থাকতে পারেন। আর সেই খাবার খেয়ে ওই চারজন অসুস্থ হয়ে পড়েন।

লাভলী বেগমের বাড়ি জাঙ্গালীয়া ইউনিয়নের রয়েন গ্রামে। গ্রামের বাসিন্দারা জানান, শুক্রবার দুপুরে খাবার খাওয়ার পর ওই চারজন অসুস্থ হয়ে পড়লে তাদের প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার সিনসিন হাসপাতালে নেওয়া হয় তাদের। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে জাইদুল মারা যান। লাভলী মেম্বার, কবির পালোয়ান ও মিনা আক্তারের অবস্থাও আশঙ্কাজনক।

কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, তারা খবর পেয়ে জাইদুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক মো. মাজেদুল ইসলাম বলেন, রয়েন গ্রাম থেকে জাইদুল পালোয়ানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আগামীকাল (আজ বৃহস্পতিবার) সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত