ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংকে টাকা তোলার হিড়িক

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৪:৫৭ পিএম

ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্যাংকগুলোতে গ্রাহকের ভিড় ও টাকা তোলার চাপ বে‌ড়ে‌ছে। আগামী সোমবার (১৭ জুন) দেশে পালিত হবে ঈদুল আজহা। ঈদের আগে আজ বৃহস্পতিবার ব্যাংকে শেষ কর্মদিবস। এরপর টানা পাঁচদিনের ছু‌টি। সে কারণে ব্যাংকের প্রতিটি শাখায় গ্রাহকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। নগদ টাকা তোলার চা‌পে সেবা দিতে হিমশিম খা‌চ্ছেন ব্যাংক কর্মকর্তারা।

ঈদের আগের শেষ কর্মদিবসে রাজধানীর ব্যাংক পাড়া মতিঝিল ও দিলকুশা, দৈ‌নিক বাংলা, পল্টনসহ বি‌ভিন্ন এলাকার ব্যাংকের শাখাগুলোতে গিয়ে দেখা যায়, প্রতিটি শাখায় দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন গ্রাহক। নগদ টাকা উত্তোল‌নের চা‌পে সেবা দিতে হিমশিম খা‌চ্ছেন ব্যাংক কর্মকর্তারা। ব্যাংকের ভেতর এবং বাহিরে জোরদার করা হয়েছে গ্রাহকদের নিরাপত্তা। সকাল থে‌কেই ব্যাং‌কের শাখাগু‌লো‌র ক্যাশ ও জমা কাউন্টারে সামনে লম্বা লাইন ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। নতুন টাকার নেওয়ার পাশাপা‌শি বি‌ভিন্ন চালানপত্র, ডি‌পো‌জিটসহ বি‌ভিন্ন সেবার বিল জমা দেয়ার লাইনও লক্ষ্যকরা গে‌ছে। ঈদুল আজহায় ব্যাংক লেনদেন বৃদ্ধির অন্যতম কারণ কোরবানির পশু ক্রয়-বিক্রয়।

এ বিষয়ে জানতে চাইলে ম‌তি‌ঝিল সোনালী ব্যাংকের লোকাল অফিসের জেনারেল ম্যানেজার মো. শ‌ফিকুল ইসলাম ব‌লেন, ঈদের আগে শেষ কর্মদিবসে সব সময় ভিড় হয়। মানুষজন ঈদ উদযাপন কর‌তে গ্রা‌মে যা‌বে কোরবা‌নির পশু কিন‌বে তাই টাকা উঠা‌চ্ছেন। আবার কারখানা ও শিল্প প্রতিষ্ঠা‌নের কর্মী‌দের বেতন-ভাতা দি‌তেও নগদ অর্থ তুল‌ছেন।

স্বাভাবিক দিনের সঙ্গে তুলনা করলে লেনদেনের পরিমাণ কেমন ও নগদ টাকার সংকট আছে কী না জানতে চাইলে রাষ্ট্রায়ত্ব ব্যাংকটির এ কর্মকর্তা বলেন, এ সপ্তাহে অন্যান্য সম‌য়ের তুলনায় ৩০ শতাংশ লেনদেন বে‌ড়েছে। এখা‌নে জমার চেয়ে উত্তোলনের পরিমাণই বেশি। তবে নগদ টাকার সংকট নেই; গ্রাহকের চাহিদা মত টাকা দেওয়া হচ্ছে। এ ছাড়া এটিএম বুথে পর্যাপ্ত টাকার টাকার ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত