ভাঙা হচ্ছে নাসাউ স্টেডিয়াম, প্রাণ ফিরে পাচ্ছে সেই পার্ক

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৭:১৫ পিএম

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটি ছিল একটা পার্ক। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে সেটিকে রূপ দেওয়া হয়েছিল স্টেডিয়ামে। এবার শেষ হয়েছে টুর্নামেন্টের যুক্তরাষ্ট্রের রাজধানী পর্বের খেলা। ফলে আবার প্রাণ ফিরে পাচ্ছে সেই পার্ক।

স্টিল এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি বিশ্বের প্রথম ‘মডিলিউয়ার’ স্থাপনা, যা চাইলেই স্থানান্তর করা যায়। অর্থাৎ স্থাপনার সংযুক্তিগুলো খুলে ও বুলডোজারের মাধ্যমে ভাঙা অংশগুলো অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব।

ভারত–যুক্তরাষ্ট্র ম্যাচ শেষে এই কার্যক্রম শুরু করা হয়েছে। ভারতের বার্তা সংস্থা এএনআই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের পাশে প্রচুর বুলডোজার দাঁড় করিয়ে রাখা হয়েছে। ৩৪ হাজার আসনের এ স্টেডিয়াম ভেঙে ফেলার কার্যক্রম গতকালই শুরু করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ।

নিউইয়র্কের ইস্ট মিডো অঞ্চলে আইজেনহাওয়ার পার্কের অংশ হয়েছিল নাসাউ কাউন্টি স্টেডিয়াম। মানে আইজেনহাওয়ার পার্কের একটি অংশে ১০৬ দিনের ব্যবধানে স্টেডিয়াম বানানো হয়েছিল। এখন বিভিন্ন সংযুক্তি খুলে ও কিছু স্থাপনা ভেঙে সেগুলো সরিয়ে নিতে প্রায় ৬ সপ্তাহ মানে ৪২ দিন সময় লাগবে।

টি–টোয়েন্টি বিশ্বকাপে এ স্টেডিয়ামে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে সেখানে লোকজনের অবাধ যাতায়াত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। স্টেডিয়ামের স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার পর আবার সেখানে সাধারণ মানুষ অবাধে যাতায়াত করতে পারবেন। তবে স্টেডিয়াম যেখানে বানানো হয়েছিল, সেই জায়গাটি কর্দমাক্ত, ঘাস ও বালুতে ভরপুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত