এমপি আনার হত্যার দায় স্বীকার আ.লীগ নেতার

আপডেট : ১৫ জুন ২০২৪, ০৯:৩০ এএম

সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শুক্রবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করেন। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার পাঁচজনের মধ্যে চারজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাবু ছাড়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া অন্যরা হলেন শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে আমানুল্যাহ সাঈদ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

গ্রেপ্তার অন্য আসামি সাইদুল করিম মিন্টু আট দিনের রিমান্ডে রয়েছেন। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় রিমান্ডে থাকা বাবুকে গতকাল আদালতে হাজির করে পুলিশ। এরপর বাবুর জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহফুজুর রহমান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মোহাম্মদ জসিম জবানবন্দি রেকর্ড করে বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ৯ জুন আদালত বাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

 

এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় তারা বাবাকে খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলাটি করেন। পরে ৬ জুন রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে বাবুকে আটক করে ঢাকার ডিবির একটি দল।

চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে গত ১২ মে ভারতে যান ঝিনাইদহ-৪ আসনের এমপি আনার। তিনি পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। সেখান থেকে ১৩ মে ডেকে নিয়ে কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনসের ওই ফ্ল্যাটটিতে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করে হত্যাকারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত