পৃথিবীতে বেঁচে থাকা মানুষদের মধ্যে আমি বাবাকে সব থেকে বেশি শ্রদ্ধা এবং সম্মান করি। আমার শিক্ষানবিশ চাহনিতে তিনি একজন ‘আদর্শ শিক্ষক’। মানুষের তার প্রতি শ্রদ্ধা দেখে আমি গর্বিত ও ঈর্ষান্বিত হয়ে ভাবতাম আমিও যদি তার মতো সবার কাছে গ্রহণযোগ্য ও ভালোবাসার পাত্র হতে পারতাম!
বাবা জীবনে অনেক কষ্ট করেছেন। তিনি সবসময় খেয়াল রেখেছেন ছাত্রজীবনে তিনি যে কষ্ট করেছেন, আমাদের দুই ভাইবোনের যেন সেই কষ্ট করতে না হয়।
আব্বু খুবই ভালো কোরআন তেলাওয়াত করতেন। আম্মু এবং নানু অপেক্ষা করতেন কখন আব্বুর কোরআন তেলাওয়াত মসজিদের মিনার থেকে ভেসে আসবে। আম্মু ঘরের পেছনের উঠানে গিয়ে দাঁড়াতেন স্পষ্ট শোনার জন্য।
আব্বু খবরের কাগজ পড়তে খুবই পছন্দ করেন, বিছানায় বসে গালে হাত দিয়ে তার একটানা সংবাদপত্রের সম্পাদকীয় পড়ে শেষ করার স্মৃতি এখনো অমলিন। মনে পড়ে তার হাত ধরে সাইকেল চালানো শেখার মুহূর্ত, মাদ্রাসায় গিয়ে ক্লাসে বসে তার শিক্ষার্থীদের সঙ্গে দুষ্টুমি করা।
শিক্ষার্থী, চতুর্থ সেমিস্টার, দ্বিতীয় বর্ষ
মার্কেটিং বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়