মোবাইল ব্যাংকিং ও এটিএম বুথে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক দাবি

আপডেট : ১৬ জুন ২০২৪, ০১:০৭ এএম

মোবাইল ব্যাংকিং ও এটিএম বুথে নিরবচ্ছিন্ন নেটওয়ার্কের দাবি জানিয়েছে গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলছে, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পশু ও ঈদের কেনাকাটা মোবাইল ব্যাংকিং ও এটিএম বুথ সেবার গুরুত্ব অপরিসীম। ক্যাশলেস লেনদেনের অন্যতম মাধ্যম মোবাইল ব্যাংকিং ও এটিএম বুথ। তাই নিরবচ্ছিন্ন ও গ্রাহক হয়রানি প্রতিরোধে নেটওয়ার্ক ব্যবস্থা করতে হবে।

গতকাল শনিবার গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় সংগঠনটি। বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা লক্ষ করছি গতকাল থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল প্রচলিত ডাচ্-বাংলাসহ অন্যান্য ব্যাংক সেবার এটিএম বুথে মানসম্পন্ন নেটওয়ার্ক না থাকার কারণে গ্রাহকরা এক এটিএম বুথ থেকে আরেক এটিএম বুথে ঘুরে বেড়াচ্ছে। সেই সঙ্গে রকেটেও টাকা উত্তোলন করতে সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন অঞ্চলের এটিএম বুথগুলো থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে লক্ষ করা যায়, পাঁচটি এটিএম বুথের মধ্যে একটি বা দুটি সচল থাকলেও সেখানে অধিকাংশ মেশিন নিষ্ক্রিয় বা আউট অব সার্ভিস দেখাচ্ছে। সেই সঙ্গে মোবাইল ব্যাংক সেবায় বিশেষ করে বিকাশ-নগদে লেনদেন বৃদ্ধি হলে নেটওয়ার্ক জটিলতাসহ সার্ভার জটিলতায় ভুগতে পারে গ্রাহক।

তিনি আরও বলেন, ‘গত ঈদুল ফিতরে এ ধরনের মোবাইল ব্যাংক সেবাই ভোগান্তির সৃষ্টি হয়েছিল, সেই বিষয়টি মাথায় রেখে মানসম্পন্ন দ্রুতগতির নেটওয়ার্ক এবং সার্ভার রক্ষণাবেক্ষণে একটি পর্যবেক্ষণ টিম গড়ে তুলতে হবে। আগামী দুদিন সর্বোচ্চ লেনদেন হবে, এ কথাটি কর্তৃপক্ষকে মাথায় রাখতে হবে। আমরা গ্রাহক হয়রানি প্রতিরোধে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলার দাবি জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত