বাংলাদেশ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলবে, টুর্নামেন্ট শুরুর আগে এমন বিশ্বাস কারো মধ্যেই ছিল না। অফফর্মে থাকা দলটাকে নিয়ে বেশিরভাগ মানুষেরই ধারণা ছিল নেতিবাচক। তবে সেসব সমালোচনাকে উড়িয়ে দিয়ে নাজমুল হোসেন শান্তর দল ইতোমধ্যেই নিশ্চিত করেছে সেরা আটের জায়গা।
সেখানে অবশ্য বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। প্রতিপক্ষ হিসেবে লাল সবুজরা পাচ্ছে অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তানকে। তাদের টপকে সেমিফাইনালে যাওয়া শান্তদের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলেই মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
ইএসপিন ক্রিকইনফোর এক শোতে তামিম বলেন, ‘(হাসি) আসলে মিনি এশিয়া কাপ নয়। কঠিন হবে কাজটা। অ্যান্টিগার উইকেট কেমন আচরণ করে তাও দেখার ব্যাপার। বাংলাদেশ আগে অস্ট্রেলিয়ার সাথে খেলবে তারপর ভারত। আমি জানি কাজটা কঠিন হবে।'
তিনি আরও বলেন, 'আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে এবং যেভাবে টুর্নামেন্টে এগোচ্ছে আসলে আগে থেকে কিছুই বলা যাচ্ছে না সামনে কী হবে। বোলিং ভালো হচ্ছে বাংলাদেশের, যদি ব্যাটিংটা ছন্দে ফিরে আসে তাহলে বাংলাদেশ নজর রাখার মত একটি দল হবে।'
গ্রুপ পর্বের পরীক্ষায় পাশ করলেও বাংলাদেশ দলের ব্যাটিংয়ে উন্নতির জায়গা দেখছেন তামিম, ‘আসলে আমি বুঝতে পারছি ব্যাটিং কঠিন হচ্ছে এই টুর্নামেন্টে। আজকেও উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল। মাঝেমধ্যে নিজেকে আরেকটু বেশি ঢেলে দিতে হয়। আজকে যদি তানজিদের (তানজিদ হাসান তামিম) উইকেট দেখেন প্রথম বলে হিট করতে চাইলো। এই ধরনের কঠিন উইকেটে আসলে আরেকটু সময় নিতে হয়। সবাই ভালো ব্যাটার।'
তামিম যোগ করেন, 'তানজিদ দারুণ এক্সাইটিং, লিটনও ভালো। নাজমুল হোসেন শান্ত বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখিয়েছে। আমার মনে হয় তারা উইকেটে আরেকটু সময় কাটানো দরকার। উইকেট বোলারদের পক্ষে কথা বলছে। ফলে এই বিষয়ের প্রতি সম্মান রেখে নিজেদের আরও ভালোভাবে কাজে লাগাতে হবে।’
