রোনালদোর রেকর্ড ভেঙে গুলের বললেন, ‘সবসময় এমন গোলের স্বপ্ন দেখেছি’

আপডেট : ১৯ জুন ২০২৪, ১১:৩০ এএম

ইউরোপ মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো অভিষেকেই সকল আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ মৌসুমে মাঠ মাতানো তুরস্কের তরুণ সেনসেশন আরদা গুলের। ডর্টমুন্ডে মঙ্গলবার জর্জিয়া বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে নায়ক বনেছেন তিনি।

স্কোরলাইনে যখন ১-১ সমতা, ৬৫তম মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন গুলের। জর্জিয়ার গোলপোস্টের ২৫ গজ দূর থেকে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বাঁ পায়ের বুলেট গতির শটে জালভেদ করেন ১৯ বছরের এ অ্যাটাকিং মিডফিল্ডার। হন ম্যাচসেরা খেলোয়াড়ও।

এতে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ১৯ বছর ১১৪ দিন বয়সে ইউরোয় অভিষেকে গোলের কীর্তি গড়েন গুলের। তিনি ভাঙেন ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড। ২০০৪ সালে মহাদেশীয় টুর্নামেন্টটির অভিষেকে গ্রিসের বিপক্ষে ১৯ বছর ১২৮ দিন বয়সে গোলের দেখা পেয়েছিলেন তরুণ রোনালদো।

তুরস্কের হয়ে ৮ ম্যাচে তার দ্বিতীয় গোল এটি। জর্জিয়ার বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত খেলে একটি গোল করার পাশাপাশি ৫টি সুযোগ তৈরি করেন গুলের। ম্যাচ সেরা হয়ে তিনি বললেন, কঠোর পরিশ্রমের ফল এই গোল, ‘আমি রোমাঞ্চিত, কেমন অনুভব করছি, তা বর্ণনা করার জন্য কোনো শব্দ নেই আমার কাছে। আমি সবসময় এমন গোলের স্বপ্ন দেখেছি। যে অসাধারণ ভালোবাসা আমি পাচ্ছি, তার প্রতিদান দেওয়ার জন্য বাড়তি কঠোর পরিশ্রম করছি।’

গুলের যোগ করেন, ‘সম্প্রতি ট্রেনিং সেশনের শেষ দিকে আমি এই বিশেষ শটের অনুশীলন করেছি। এভাবে গোল করতে পেরে আমি খুবই খুশি। কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ কোচ) ম্যাচের আগে আমাকে বার্তা পাঠিয়েছিলেন এবং আমার জন্য শুভকামনা জানিয়েছিলেন। মাদ্রিদের সমর্থনও আমাকে অনেক অনুপ্রাণিত করে।’

২০২৩-২৪ মৌসুমে ইউরোপের সফলতম দলটির হয়ে ১২ ম্যাচে মাত্র ৪৪৭ মিনিট খেলে ৬ গোল করে আলোচনায় আসেন গুলের। তুরস্কের প্রথম খেলোয়াড় হিসেবে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। এবার লা লিগা জয়ের স্বাদও পেয়েছেন গুলের।

মঙ্গলবার ম্যাচের ২৫তম মিনিটেই মের্ট মুলদুরের গোলে এগিয়ে যায় তুরস্ক। ৭ মিনিট পর জর্জিয়ার হয়ে খেলায় সমতায় টানেন জর্জেস মিকাওটাডজে। গুলেরের দ্বিতীয় গোলের পর খেলার শেষ সময়ে কেরেম আকতারকওগলুর গোলে ৩-১ ব্যবধানে হয় পায় তুরস্ক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত