৯৫ বছর বয়সী মার্কিন ভাষাবিদ ও বুদ্ধিজীবী নোম চমস্কি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গতকাল মঙ্গলবার ব্রাজিলের সাও পাওলোর বেনিফিসেন্সিয়া পর্তুগুয়েসা হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। হাসপাতালটিতে তিনি বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। খবর আনাদুলু এজেন্সির।
এক বিবৃতিতে বেনিফিসেন্সিয়া পর্তুগুয়েসা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চমস্কিকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন বাড়িতেই তার চিকিৎসা চলবে। চমস্কি গত বছর থেকে কথা বলতে গিয়ে সমস্যা অনুভব করছেন। এছাড়াও স্ট্রোকে তার শরীরের ডান দিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রেই বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হন চমস্কি। অবস্থা কিছুটা ভালো হলে তাকে ব্রাজিলে নেওয়া হয়। চমস্কির স্ত্রী ভ্যালেরিয়া ওয়াসারম্যানের জন্মস্থান ব্রাজিল। ভ্যালেরিয়া একজন বামপন্থী চিন্তাবিদ। তাকে বিয়ের পর ২০১৫ সালে দেশটিকে দ্বিতীয় বাড়ি হিসেবে গ্রহণ করেন চমস্কি।
এর আগে চমস্কির মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে ভ্যালেরিয়া বার্তা সংস্থা এএফপিকে ই-মেইলে বলেন, ‘এটা মিথ্যা। তিনি (চমস্কি) ভালো আছেন।’ বিশ্বজুড়ে প্রতিবাদ ও স্বাধীনতার প্রতীক হিসেবে সমাদৃত চমস্কি। অধিকারকর্মী ও সমালোচক হিসেবে তিনি বেশ প্রভাবশালী। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মধ্য আমেরিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অনুগত গণমাধ্যমের বড় সমালোচক তিনি।
ঈদে অতিরিক্ত খেয়ে হাসপাতালে ১২০০ পাকিস্তানি
গাজা যুদ্ধে ইসরায়েলকে কত ডলার দিয়েছে অ্যাপল?
উইঘুর মুসলিমদের ৬৩০ গ্রামের নাম পাল্টে দিল চীন