কানাডা ম্যাচের একাদশ জানাননি স্কালোনি, নিশ্চিত শুধু পারেদেস

আপডেট : ২০ জুন ২০২৪, ০২:৪৩ পিএম

রাত পোহালেই ‍শুরু হচ্ছে কোপা আমেরিকা। ল্যাটিন ফুটবলের নন্দন প্রদর্শনীর উদ্বোধনী দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিরা প্রথম দিনে মুখোমুখি হবে কানাডার। সেই ম্যাচের একাদশ তৈরি করে ফেলেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে সেটা তিনি সংবাদ সম্মেলনে প্রকাশ করেননি।

তবে প্রথম ম্যাচে খেলছেন লিয়ান্দ্রো পারেদেস এটা নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে তার উপস্থিতি দেখেই সেটা ধারণা করা গেছে। তবে বাকিদের নাম কোনোভাবেই প্রকাশ করেননি কোচ।

এই বিষয়ে তিনি বলেছেন, ‘আমার দল প্রস্তুত হয়ে গেছে, একাদশে কারা খেলবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজ বিকেলেই তাদেরকে জানিয়ে দেব। খেলোয়াড়রাও এখনও জানে না। আগামীকালের ম্যাচের জন্য সবাই প্রস্তুত আছে। যাকে আমরা সবচেয়ে ভালো দেখব, তাদেরকেই খেলানো হবে। আমরা সবসসময় চিন্তা করি সেরা খেলোয়াড় সবসময় আমার সঙ্গে খেলে। পারেদেসকে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাইরে যেতে হয়েছিল কারণ আমরা ভেবেছিলাম যে অন্য ছেলেরা আরও ভাল ছিল। কিছু কারণে, এখন আমি তাকে আমার পাশে পেয়েছি।’

টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। কোপার প্রস্তুতি হিসেবে খেলা দুই ম্যাচেই জয় পেয়ে আলবিসেলেস্তেরা। ইকুয়েডরকে ১-০ ও গুয়াতেমালাকে ৪-১ ব্যবধানে হারিয়েছে তারা। এই দুই ম্যাচে যারা ভালো করেছে তাদেরকে নিয়েই গড়া হবে একাদশ।

এমন ইঙ্গিত দিয়েই তিনি বলেন, ‘শেষ দুই ম্যাচে যারা খেলেছে তারা ভালো করছে। তাদের অনেকের মাঝে ত্রুটি লক্ষ্য করা গেছে, সেগুলো আমরা সমাধান করেছি। যারাই খেলুক না কেন তারা দেখিয়ে দিক যে তারা তাদের অবস্থান হারাতে চায় না। আমাদের যে ভিত্তি আছে তারা সবসময় যেই খেলুক না কেন তাকে সম্মান করে। যে খেলছে না তাকেও। আমরা কিছু পরিবর্তন করেছি এবং আমরা আরও উন্নতি করতে চাই।’

কোপা আমেরিকা সবচেয়ে কঠিন একটি টুর্নামেন্ট উল্লেখ করে স্কালোনি বলেন, ‘এবারও কোপা আমেরিকা সবসময়ের মতো খুব কঠিন হবে। এটা একজন ইউরোপিয়ানের বিপক্ষে খেলার মতোই।’

কানাডাকে সমীহ করে প্রশংসায় ভাসিয়ে বলেছেন, ‘দারুণ একটা দল আছে, গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে এবং নতুন কোচ নতুন আইডিয়া নিয়ে এসেছে। গত বিশ্বকাপে তারা দারুণ খেললেও প্রাপ্য ভাগ্য তাদের ছিল না। কেউ যদি মনে করে সব বলা হয়ে গেছে তাহলে সে ভুল। সেই দেশের সেরা এবং অসুবিধা সর্বোচ্চ, বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে। তারা আমাদের সমস্যায় ফেলতে পারে এবং আমাদের প্রস্তুত থাকতে হবে।’

আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত