ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবারও আটক হয়েছে এক ভুয়া চিকিৎসক। হাসপাতালটির পুরাতন ভবনের দ্বিতীয় তলায় গাইনি ওয়ার্ড থেকে সাদা অ্যাপ্রোন পরা রিপা আক্তার (২০) নামের ওই তরুণীকে আটক করে আনসার সদস্যরা। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় হাসপাতালে পুরাতন ভবনের গাইনি বিভাগের ২১২ নম্বর লেবার ওয়ার্ডে সাদা অ্যাপ্রোন পরে সন্দেহজনকভাবে হাসপাতালে ঘোরাঘুরি করছিলেন তিনি। পরে আনসার সদস্যরা তাকে আটক করে।
২১২ ওয়ার্ডের প্রবেশদ্বারে দায়িত্বরত নারী আনসার সদস্য লুৎফা জানান, রিপা নামে ওই নারী সাদা অ্যাপ্রোন পরা অবস্থায় ওয়ার্ডের ভেতরে ঘোরাঘুরি করছিলেন। এ সময় তার কাছে হাসপাতালে আসার কারণ ও পরিচয় জানতে চাওয়া হয়। তিনি উপযুক্ত কারণ ও পরিচয় দিতে না পারায় সন্দেহ হয় এবং কর্তৃপক্ষকে জানাই। পরে তাকে আটক করে হাসপাতালে প্রশাসনিক ব্লকে নিয়ে যাওয়া হয়।
এদিকে অ্যাপ্রোন পরিহিত আটক তরুণী দাবি করেন, মামুন নামে তার এক বন্ধুর কাছ থেকে অ্যাপ্রোনটি নিয়ে তিনি পরেছেন। তবে হাসপাতালের গাইনি ওয়ার্ডের প্রবেশের কারণ জানতে চাইলে তিনি জানান, তার এক বন্ধুর মায়ের এই হাসপাতালে আসার কথা। তাই তিনিও এসেছেন।
এ ছাড়া তিনি আরও দাবি করেন, ২০১০ সালে তিনি এসএসসি পাস করেন। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে চাকরি করেন। থাকেন হাজারীবাগ শেকশন ঢাল এলাকায়।
হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান জানান, আটক নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তিনি একেক সময় একেক তথ্য দিচ্ছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, অ্যাপ্রোন পরা ওই তরুণীকে ২১২ নম্বর ওয়ার্ড থেকে আটক করা হয়েছে। তবে তিনি নিজেকে ডাক্তার পরিচয় দেননি। কিন্তু অ্যাপ্রোন পরে লেবার ওয়ার্ডে তার ঘোরাঘুরি সন্দেহজনক। কারণ কিছুদিন আগেও লেবার ওয়ার্ড থেকেই একটি নবজাতক চুরির ঘটনা ঘটেছে। তাকে আমরা পুলিশে দিচ্ছি। বিস্তারিত পুলিশে তদন্ত করে বের করবে।
এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
বংশরক্ষার জন্য একাধিক যুবককে দিয়ে স্ত্রীকে ধর্ষণ, অতঃপর...
সাবেকের সঙ্গে বর্তমান সঙ্গীর তুলনা, যে রোগে ভুগছেন অনেকে