সুইমিং পুলের ধারেই হঠাৎ পড়ে মারা গেল কিশোর (ভিডিও)

আপডেট : ২২ জুন ২০২৪, ০৬:৪৮ পিএম

সুইমিং পুল থেকে সাঁতার কেটে উঠেই মাটিতে লুটিয়ে পড়ল কিশোর। পরে সেখানেই মৃত্যু হলো তার। তবে কী কারণে এই মৃত্যু, তা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, কিশোরের শারীরিক কোনো সমস্যা হয়ে থাকতে পারে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মিরাটে। কিশোরের মাটিতে লুটিয়ে পড়ার বিষয়টি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি।  

ভিডিওতে দেখা যায়, সুইমিং পুলের ধারে অনেকেই সাঁতারের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। পানিতেও রয়েছেন কেউ কেউ। এক কিশোর সাঁতার কেটে পানি থেকে উঠে কিছু দূর এগোতেই আচমকা চিৎ হয়ে পড়ে যায়। তাকে পড়তে দেখে সঙ্গে সঙ্গে কাছে ছুটে যান কয়েকজন। তাকে তোলার চেষ্টা করা হয়। কিন্তু কিশোর সাড়া দেয়নি। 

স্থানীয় পুলিশ জানায়, ওই কিশোরের বয়স ১৫ বছর। ওই ক্লাবে নিয়মিত সাঁতার শিখতে যেত সে। মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এই ঘটনার পর সুইমিংপুল এলাকা সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার ম্যানেজার পলাতক বলে জানিয়েছে পুলিশ। তার খোঁজ চলছে। ওই পুলের জলে কোনও সমস্যা ছিল কি না, বন্ধুদের সঙ্গে কিশোরের কোনো সমস্যা হয়েছিল কি না, পুলিশ সব দিক খতিয়ে দেখছে। কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত