ইয়েমেনের কাছে লোহিত সাগরে ড্রোন হামলায় একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রবিবার ভোরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি জানিয়েছে।
লোহিত সাগর ও এর আশপাশের জাহাজগুলো কয়েক মাস ধরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের আক্রমণের শিকার হয়েছে বারবার। হুতিরা গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে বলে জানিয়ে আসছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হামলাটি ইয়েমেনের বন্দর শহর হোদেইদা থেকে প্রায় ৬৫ নটিক্যাল মাইল (১২০ কিলোমিটার) পশ্চিমে ঘটেছে। মেরিটাইম ট্রেড অপারেশনস পরিচালনা করে ব্রিটিশ নৌবাহিনী। মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, জাহাজটিকে এরিয়াল সিস্টেম দ্বারা আঘাত করা হয়েছে, যার ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সব ক্রু নিরাপদ বলে জানা গেছে। কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত করছে।
