‘নেশাজাতীয় পানীয়’ পান করে দুই কিশোরের মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২৪, ০১:১৭ এএম

চট্টগ্রামের হাটহাজারীতে নেশাজাতীয় পানীয় পান করে মো. শাকিল (১৭) ও মো. রাসেল (১৯) নামের দুই কিশোরের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে একে অপরের খালাতো ভাই।

গতকাল রবিবার দুপুর ১২টার দিকে হাটহাজারী মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান দুই কিশোরের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার রাত দেড়টার দিকে পৌরসভার পশ্চিম দেওয়াননগর কৃষি গবেষণা ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাসেল ও শাকিল পৌরসভার কাঁচাবাজারে সবজি বিক্রি করত। শনিবার গভীর রাতে তারা এলাকার একটি কালভার্টের ওপর বসে নেশাজাতীয় পানীয় পান করে। একপর্যায়ে তারা সেখানে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের মুখ দিয়ে ফেনা বের হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রাত সাড়ে তিনটার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক রহমত উল্লাহ বলেন, ‘আমরা খবর পেয়েছি গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে আঞ্চলিক কৃষি গবেষণা ইনিস্টিউটের পাশ থেকে দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তারা নেশাজাতীয় পানীয় পান করেছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত