বকেয়া আদায়ে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন পরিশোধের শর্তে চালু

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৫:৪৪ এএম

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ৬৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বকেয়া বিল আদায়ে কলেজ ও হাসপাতাল ভবনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো। পরে চলতি মাসের মধ্যে বকেয়া পরিশোধের শর্তে সাময়িকভাবে বিদ্যুৎসংযোগ চালু করা হয়।

ওজোপাডিকো সূত্রে জানা যায়, গত বছর ১৪ নভেম্বর কুষ্টিয়া মেডিকেল কলেজের উদ্বোধনের দিন বিদ্যুৎসংযোগ নেওয়ার পর থেকে চলতি বছর ২৪ মে পর্যন্ত ৩০ লাখ টাকা বিল বকেয়া পড়ে। একইভাবে চলতি বছরের ২৪ জানুয়ারি হাসপাতাল ভবনে বিদ্যুৎসংযোগ নেওয়ার পর থেকে সেখানে রোগী ভর্তিসহ চিকিৎসাসেবা চালু না হলেও এই ভবনের বকেয়া বিদ্যুৎ বিল হয়েছে ৩৬ লাখ টাকা। এমন পরিস্থিতিতে গতকাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো।

বকেয়া বিদ্যুৎ বিল বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আনোয়ারুল ইসলাম জানান, বকেয়া পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ মাসের মধ্যেই অন্তত কিছু বিল পরিশোধের মাধ্যমে সংযোগটি হালনাগাদ করা হবে বলে বিদ্যুৎ বিভাগের সঙ্গে একটা সমঝোতা হয়েছে। আশা করি খুব শিগগিরই সমস্যা কাটিয়ে উঠতে পারব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো লি. কুষ্টিয়ার ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, সংযোগ নেওয়ার পর থেকে প্রতি মাসেই বিদ্যুৎ বিল পরিশোধের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অদ্যাবধি বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত