দুদকের তদন্তে সরকার হস্তক্ষেপ করবে না: কাদের

আপডেট : ২৬ জুন ২০২৪, ০২:২৫ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কাজে সরকার হস্তক্ষেপ করবে না। বুধবার (২৬ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশফেরত যাত্রীদের বিমানবন্দর থেকে যাতায়াত সহজ করতে বিআরটিসি শাটল বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান উপস্থিত ছিলেন।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অবস্থান জিরো টলারেন্স। তিনি এক্ষেত্রে অটল। দুর্নীতি যেই করুক এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স। দুদকের দুর্নীতির তদন্ত করার অধিকার রয়েছে। এখানে সরকার তাদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না।

আমলাদের দিকে আঙ্গুল না তুলে রাজনৈতিক ব্যক্তিদেরও আয়নায় নিজ চেহারা দেখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করাপশন ইজ এ ওয়ে অব লাইফ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশেও দুর্নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

তিনি বলেন, দুর্নীতি শুধু আমলারা করে, রাজনীতিবিদরা করে না সেটা নয়। যখন আমরা কথা বলি তখন আয়নায় নিজেদের চেহারাও দেখা উচিত যে আমি একজন পলিটিশিয়ান দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি। কিন্তু আমাদের মধ্যেও তো করাপশন রয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত