কয়েক দিন ধরেই রাজধানীর আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হচ্ছিল না। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী। এ অবস্থায় গতকাল বুধবার সকালে এক পশলা বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এসেছিল রাজধানীবাসীর জন্য। বৃষ্টির ফলে তাপমাত্রাও কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি হলেও ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় কমে আসতে পারে।
রাজধানীর বিভিন্ন জায়গায় গতকাল সকাল থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুই ঘণ্টাব্যাপী চলা বৃষ্টিতে অলিগলি ও প্রধান সড়কে পানি জমতে দেখা গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষ। সরেজমিনে রাজধানীর শান্তিনগর, মৌচাক, মালিবাগ মোড়, বেইলি রোড, সিদ্ধেশ্বরী রোড ঘুরে এমন চিত্র দেখা গেছে। টানা বৃষ্টিতে এসব এলাকার রাস্তায় পানি জমে থাকার কারণে পথচারীদের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ সময় স্কুল ফেরত শিক্ষার্থী থেকে শুরু করে রিকশাচালক, অফিসগামী যাত্রী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষের দুর্ভোগে পড়তে হয়েছে। এমন অবস্থায় যানবাহনে গণপরিবহন ও রিকশা-সিএনজির সংকট দেখা গেছে। কেউ ছাতা, কেউবা রেইনকোট পরে গন্তব্যে গিয়েছেন আবার ফিরেছেন।
আজ বৃহস্পতিবারের পূর্বাভাস সম্পর্কে তিনি বলেন, ‘রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
