দক্ষিণ এশিয়ায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আঞ্চলিক সহযোগিতা, সমন্বয় ও সংযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন দক্ষিণ এশিয়া পরিবেশ সহযোগিতা সংগঠনের (সাকেপ) বিদায়ী চেয়ারম্যান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেছেন, ‘পরিবেশ দূষণের আন্তঃসীমান্ত সমস্যা সমাধানের জন্য সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।’
গতকাল বৃহস্পতিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া পরিবেশ সহযোগিতা সংগঠনের (সাকেপ) ১৬তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে বিদায়ী চেয়ারম্যান হিসেবে দেওয়া বক্তব্যে এ কথা বলেন। সাবের হোসেন চৌধুরী সাকেপের বিভিন্ন উল্লেখযোগ্য সাফল্যের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, সাকেপের চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১২টি আঞ্চলিক অনুদান প্রকল্প এবং ১৮টি উদ্ভাবন অনুদান প্রকল্পের মাধ্যমে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই করা যা বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে পরিচালিত হয়। এ উদ্যোগগুলো বেসরকারি খাত, উদ্যোক্তা, অ্যাকাডেমিয়া এবং মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করে। বিজ্ঞপ্তি
