আরচার সাগরকে সিটি গ্রুপের পাঁচ লাখ টাকা পুরস্কার

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৬:০৮ এএম

রাজশাহী শহরের বাবাহারা ও চা বিক্রেতা মায়ের ছেলে সাগর ইসলাম এবারের প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। তার এই সাফল্য উদযাপন করেছে বাংলাদেশ আরচারি ফেডারেশন। সেখানেই সাগরের হাতে ৫ লাখ টাকা পুরস্কার তুলে দেয় ফেডারেশনের দীর্ঘদিনের পৃষ্ঠপোষক সিটি গ্রুপ।

১৭ জুন তুরস্কের আনাতোলিয়ায় ‘২০২৪ ফাইনাল ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্ট’-এ ছেলেদের রিকার্ভ এককে রৌপ্য জিতে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন সাগর। এই সাফল্য মা সেলিনাকে উৎসর্গ করে সাগর গতকাল বলেছেন, ‘মা না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না। মা কষ্ট করে আমাকে আরচার বানিয়েছেন। সংসারে অনেক অভাব ছিল, অনেক সমস্যা ছিল, কিন্তু মা আমাকে আরচারি চালিয়ে যেতে সব সময় উৎসাহিত করেছেন।’

ফেডারেশন সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলাম সাগরকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘একটা লক্ষ্যপূরণ হয়েছে, সাগরকে পরের ধাপে সাফল্য পেতে লড়তে হবে। কোচ ফ্রেডরিখ মার্টিন নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। তাকেও আমি এই সাফল্যের কৃতিত্ব দিতে চাই।’

পৃষ্ঠপোষক সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী অলিম্পিকের খেলায় মনোযোগ দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, ‘অলিম্পিকে পদক জয়ের জন্য কাজ করতে হবে। সাগর ইসলামকে আরও বড় অর্জনের দিকে হাঁটতে হবে। আরচারি ফেডারেশনের সঙ্গে সিটি গ্রুপ খেলাটির উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত