ভারতের আম আদমি পার্টির (এএপি) নেতা এবং দিল্লি অঞ্চলের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মদ নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির আদালত চত্বর থেকে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) হাতে আবার গ্রেপ্তার হওয়ার পর তার রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, গতকাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সোপর্দ করা হয় কেজরিওয়ালকে। দেশটির তদন্তকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে বুধবার আদালত জিজ্ঞাসাবাদ শুরুর অনুমতি দেওয়ার পরই সিবিআই কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। গত বৃহস্পতিবার দিল্লির রাউজ অ্যাভিনিউয়ের জেলা আদালত কেজরিওয়ালকে জামিন দিয়েছিল। শনিবার তিহার কারাগার থেকে তার মুক্তির কয়েক ঘণ্টা আগে ইডি তার জামিন আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হয়। তাদের যুক্তি শুনে দিল্লি হাইকোর্ট এক মৌখিক আদেশে কেজরিওয়ালের জামিন স্থগিত করে।
