ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় এক কিশোরীকে গোসল করতে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার পৌর সদরের ৮নং হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এঘটনা ঘটে। নিহত কিশোরী হোগলাডাঙ্গী সদরদী গ্রামের রেখা আক্তার (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করার জন্য বাড়ির পাশে পুকুরে যায় রেখা। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুষ্কৃতকারীরা তাকে পুকুর পাড়ের পাটখেতে ধরে নিয়ে ধর্ষণ করে। পরে দুষ্কৃতিকারীরা রেখার উড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করে পাট ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। বিকাল পাঁচটার দিকে রেখার চাচা টুকু মাতুবর পাট ক্ষেতের পাশ দিয়ে ধান বুনতে মাঠে যাওয়ার পথে রেখাকে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভাঙ্গা পুলিশের একটি দল রেখার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভাঙ্গা থানার এসআই খালিদ হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিশোরী গোসল করতে যাওয়ার সময় দুষ্কৃতকারীরা আলমগীর মোল্লার পাটক্ষেতে ধরে নিয়ে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় আসামি শনাক্ত করে ধরার চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
