বাফুফের পকেট ভোটার বাড়ানোর এজিএম আজ

আপডেট : ২৯ জুন ২০২৪, ১২:৪৬ এএম

অক্টোবরে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির চার বছরের মেয়াদ পূর্তি। নির্বাচনী কংগ্রেসের আগে অবশ্য আজ ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভার আয়োজন করতে যাচ্ছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এই এজিএম বাফুফের কয়েকজন পদধারীর জন্য শুধুই পকেট ভোটার বাড়ানোর চক্রান্ত।

বাফুফের কার্যনির্বাহী কমিটির গত ৩ মে তারিখে অনুষ্ঠিত সভায় মহিলা ফুটবল লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি ক্লাবকে বাফুফের এফিলিয়েটেড সদস্য পদ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত হয়। সর্বশেষ নারী লিগে স্বীকৃত কোনো ক্লাব অংশ নেয়নি। অথচ লিগ শুরুর পর বাফুফের নির্বাহী সভায় প্রভাব খাটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি ক্লাবকে ভোটাধিকার দেওয়ার অনুমোদন নিয়েছেন নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ। এ নিয়ে নির্বাহী সভা উত্তপ্ত হয়ে উঠেছিল ভীষণভাবে। অনেক সদস্যই এর তীব্র প্রতিবাদ করেছেন। আজ বার্ষিক সাধারণ সভায় তোলা হবে এ বিষয়টি। এজিএমে চলতি ২০২৪ সালের সম্ভাব্য বাজেটও অনুমোদন করিয়ে নিতে চায় নির্বাহী কমিটি। প্রায় ২৩ কোটি টাকার ঘাটতি বাজেটে রয়েছে অনেক অসংগতি। ২০২৪ সালের খসড়া বাজেটে বাফুফের ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ৩০ টাকা। বিপরীতে আয় ৩১ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা। ঘাটতি ২২ কোটি ৮০ লাখ ৩৯ হাজার টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত