নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শিক্ষককে মারধর করার কারণে আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে বিদ্যালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশের একটি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আকিব দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করছিল। বিষয়টি স্থানীয়রা বেশ কয়েকবার সতর্ক করলেও আকিব তার কোনো পরোয়া না করে বন্ধুদের নিয়ে ওই স্কুলের ছাত্রীকে উত্যক্ত করতেই থাকে। জুনের প্রথম সপ্তাহে স্থানীয়রা আকিবসহ তার বন্ধুদের আটক করে ওই উচ্চ বিদ্যালয়ে সোপর্দ করে। ওই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ বিশ্বাস সরকারি মডেল পাইলটের শিক্ষার্থী আকিব ও তার বন্ধুদের ছাত্রীর পেছনে না ঘুরে পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা বলে সতর্ক করে দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিদ্যালয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জানাবেন।
এতে ক্ষিপ্ত হয়ে গত ১০ জুন দুপুরে ওই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ বিশ্বাস আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ-সংক্রান্ত কাজ শেষে বের হলে অতর্কিতভাবে আকিব ও তার সহযোগী একই স্কুলের শিক্ষার্থী সিফাত, আকরাম, মেহেদী, মারুফ, সানপ্রিয়া, নাহিদ, সজীব একত্রিত হয়ে তার ওপর হামলা করে।
পরে প্রদীপ বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
ইউএনও ইশতিয়াক আহমেদ বলেন, এ ধরনের ঘটনা যাতে আর কোনো বিদ্যালয়ে যাতে না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
