গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহিন আলমকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের শ্রীপুরে বনঘরিয়ায় গত ১৩ ডিসেম্বর রেললাইন কেটে নাশকতা করার মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের স্বীকারোক্তিতে তার নাম আসায় বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাউন্সিলরের নাম শাহিন আলম। তিনি গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা।
শাহিন আলম ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত সিটি নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর পরও তিনি নির্বাচনে বিজয়ী হন। গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত সংস্থা গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. মাকসুদের রহমান।
মাকসুদের রহমান বলেন, ‘কাউন্সিলর শাহিন আলম সিঙ্গাপুরে যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে আমরা তাকে নিয়ে আসি। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’ ২০২৩ সালের ১৩ ডিসেম্বর একদল দুষ্কৃতকারী ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনঘরিয়া চিনাই রেল ব্রিজের পাশে ২০ ফুট রেললাইন কেটে ফেলে। এতে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সাত বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয় এবং ১০ জন আহত হয়। ওই ঘটনায় ২৭ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
নাশকতা ঘটনার ৩৮ ঘণ্টা পর বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। এতে জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাসান আজমল ভূঁইয়াসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাত আসামির মধ্যে পাঁচজন ঢাকা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দিতে শাহীন আলমের নাম প্রকাশ পায়।
