পানি শোধন যন্ত্রের ঘোষণা মিলল বিদেশি সিগারেট

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৪:৩৩ এএম

চট্টগ্রাম বন্দরে ওয়াটার পিউরিফাইয়ার মেশিনের (পানি বিশুদ্ধকরণ যন্ত্র) ঘোষণায় আনা একটি কনটেইনারে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই চালানটি আটক করেন কাস্টমস কর্মকর্তারা। কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (এআইআর) একেএম খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকার যাত্রাবাড়ী এলাকার হামকো করপোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান থাইল্যান্ডের এশিয়ান গ্লোবাল কোম্পানি লিমিটেড থেকে সমুদ্রপথে চালানটি আমদানি করে। গত ২৬ জুন চালানটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। পূর্ব ঘোষণা অনুযায়ী আমদানি করা চালানটিতে ওয়াটার পিউরিফায়ার মেশিন থাকার কথা ছিল। চট্টগ্রামের আগ্রাবাদের জাহান চেম্বারের সি অ্যান্ডএফ এজেন্ট ফাস্ট ট্র্যাক কার্গো সলিউশন লিমিটেড চালানটি খালাসের দায়িত্ব পেয়েছিল। কিন্তু মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির সংবাদ পেয়ে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা ও শুল্ক অধিদপ্তরের গোয়েন্দারা বৃহস্পতিবার রাত ১২টার দিকে কনটেইনারটি আটক করে কায়িক পরীক্ষা চালান। এ সময় ওই কনটেইনারে ওয়াটার পিউরিফায়ার মেশিনের পরিবর্তে মন্ড ব্র্যান্ডের ২ হাজার ৫০০ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়। যাতে রয়েছে ৫০ লাখ পিস সিগারেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত