নাটোরের সিংড়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক রিকশাচালককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশের এএসআই সেলিম রেজাকে ক্লোজড করে নাটোর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিংড়া উপজেলা পরিষদ রোড এলাকার দেশ ফার্নিচার দোকানের সামনে রিকশাচালককে থামিয়ে টর্চলাইট দিয়ে তার মাথায় অনবরত আঘাত করছেন এএসআই সেলিম রেজা।
এ বিষয়ে এএসআই সেলিম রেজা বলেন, ‘আমি কেন রিকশাচালককে মারধর করব?’
সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। পুলিশ সুপারের নির্দেশে এএসআই সেলিম রেজাকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
