ভাতিজাকে চাকরির লোভ দিয়ে মেয়ের সঙ্গে বিয়ে, অতঃপর...

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৫:৪০ পিএম

শরীয়তপুরের গোসাইরহাটে অপ্রাপ্ত বয়স্ক এক কলেজছাত্রকে চাকরির প্রলোভন দেখিয়ে নিজ মেয়ের সঙ্গে বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। রবিবার (৩০ জুন) দুপুরে শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হল রুমে এ ঘটনায় ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে কলেজছাত্রর মা-বাবা।

সংবাদ সম্মেলন থেকে জানা যায়, গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মাহাবুব সিকদার ও রুনা বেগম দম্পতির ছেলে কলেজছাত্র নয়ন সিকদার। চাচা হাবিব সিকদার নয়ন সিকদারকে চট্টগ্রাম ইপিজেড চাকরির প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম নিয়ে যান এবং একটি ঘরে আটকে রাখেন। পরে চাকরি না দিয়ে গত ২০২২ সালের ১১ আগস্ট হাবিব তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে সুবর্না আক্তারের সঙ্গে নয়নের বিয়ে দেন এবং বিয়ের বিষয়টি গোপন রাখেন। পরে চলতি বছরের ১৪ এপ্রিল হাবিব সিকদার তার মেয়ে সুবর্নাকে নয়ন সিকদারের বাড়িতে রেখে যায়। বিয়ের বিষয়ে স্থানীয়ভাবে দরবার সালিশ ডাকলে নয়নের পরিবারের বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন ভয়ভীতি দেখান। শুধু তাই নয় সুবর্নাকে স্ত্রী হিসেবে মেনে না নিলে নয়নের পরিবারের থেকে ১০ লাখ টাকা দাবি করেছেন হাবিব সিকদার। এ ঘটনা থেকে পরিত্রাণ চান নয়ন সিকদারের পরিবার। 

নয়ন সিকদারের মা রুনা বেগম, বাবা মাহাবুব সিকদার, খালা মোকসেদা বেগম, সাজেদা বেগম, আসমা বেগম, বোন সিমা বেগম ও শিখা বেগম উপস্থিত ছিলেন। 

নয়ন সিকদারের মা রুনা বেগম বলেন, ভাসুর হাবিব সিকদার আমার ছেলে নয়নকে ইপিজেডে চাকরি দেবে বলে চট্টগ্রাম নিয়ে যায়। পরে চাকরি না দিয়ে আমার ছেলের সঙ্গে তার মেয়েকে বিয়ে দেয়। আসলে দুজনই অপ্রাপ্ত বয়স্ক। আমি এই বিয়ে মানি না। বিয়ে মানতে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। এখন ১০ লাখ টাকা চাচ্ছে হাবিব সিকদার।

নয়ন সিকদারের বাবা মাহাবুব সিকদার বলেন, হাবিব সিকদার প্রভাবশালী। তিনি আমাদের সংসারটাকে তছনছ করে দিচ্ছে। আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ চাই।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুস্পেন দেবনাথ বলেন, বিষয়টি আমি জানলাম। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত